অস্ট্রেলিয়ায়
শেভরন পরিচালিত দুটি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি প্লান্টের শ্রমিকরা ধর্মঘট
প্রত্যাহার করেছে। দেশটির শ্রম আইন অনুযায়ী প্রস্তাবকৃত চুক্তি মেনে নিয়ে কর্মসূচি
থেকে সরে এসেছে বলে জানিয়েছেন কর্মীদের প্রতিনধিত্বকারী দুটি ইউনিয়নের হয়ে কাজ করা
প্রতিষ্ঠান অফশোর অ্যালায়েন্স। খবর বিবিসি।
মার্কিন
এনার্জি জায়ান্টটির সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কাজের শর্ত নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বনিবনা
না হওয়ায় আগস্টের শেষ দিকে শ্রমিকরা জানান, ৮ সেপ্টেম্বর থেকে ধর্মঘটে যাবেন তারা।
অফশোরের
মুখপাত্র ব্র্যাড গ্যান্ডি জানান, গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে এক সভায়
ইউনিয়নের সদস্যরা ফেয়ার ওয়ার্ক কমিশনের সুপারিশ অন্তর্ভু্ক্ত করে সর্বশেষ প্রস্তাবটিকে
সমর্থন করেছে।
ফেয়ার ওয়ার্ক
কমিশন ও ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
অফশোর অ্যালায়েন্স
চুক্তির খসড়া চূড়ান্ত করার জন্য শেভরনের সঙ্গে কাজ করবে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ
করা হয়।
অবশ্য বিষয়টি
নিয়ে এখনো কোনো মন্তব্য জানায়নি শেভরন কর্তৃপক্ষ।
দাবি-দাওয়া
নিয়ে হুইটস্টোন ও গরগনের প্লান্টের শ্রমিকরা ধর্মঘটে যান। এ স্থাপনাগুলো বৈশ্বিক
এলএনজির ৫ শতাংশে বেশি উৎপাদন করে থাকে।
গত বছরের
শুরুর দিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে বিশ্বের জ্বালানি বাজারে অস্থিতিশীলতা
চলছে। যার ফলে বিশ্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে এবং যার প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্যে।
অস্ট্রেলিয়া
বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রফতানিকারক। তাদের সরবরাহ বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে
সাহায্য করেছে।










