স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টমের (ইএসএস) মাধ্যমে এমকে ফুটওয়্যার পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদনকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। রাজধানীর নিকুঞ্জ-২-এ অবস্থিত ডিএসই টাওয়ারের লিস্টিং হলরুমে গতকাল এ শেয়ার বরাদ্দ অনুষ্ঠান হয়। এতে প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী (ইআই) ৩৬১টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন। 

কোম্পানিটির কিউআইওতে ১১ জুন সকাল ১০টা থেকে ১৫ জুন বিকাল ৪টা পর্যন্ত সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়। এতে মোট ১০ কোটি টাকার বিপরীতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার আবেদন জমা পড়ে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে আবেদন পড়ে ৫৫ দশমিক ৩৭ গুণ। ফলে প্রতি ২ লাখ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীদের ৩৬১টি করে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। 

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৫৮তম কমিশন সভায় গত ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এমকে ফুটওয়্যার পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের এক কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।