যুক্তরাজ্যে মুদিপণ্যে মূল্যস্ফীতি কমছে। চলতি বছরের আগস্টে মূল্যস্ফীতি ছিল ১১ শতাংশ, যা আগের মাসের তুলনায় কম। জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ২ শতাংশ। কিছু পণ্যের মূল্য কমে যাওয়া এবং সুপারমার্কেটগুলোয় প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ক্যান্টার গ্রুপ। খবর দ্য গার্ডিয়ান।

ক্যান্টার গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তা টম স্টিল বলেন, ‘‌মুদিপণ্যে মূল্যস্ফীতি এখনো লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। কিন্তু মূল্যস্ফীতি কমতে দেখে গ্রাহকরা কিছুটা স্বস্তি পাবে। প্রায় এক বছর পর কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখছে।’

ডিম, চিনি, টমেটো ও কনফেকশনারি পণ্যে এখনো উচ্চমূল্য রয়েছে। এর আগে ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম প্রকাশিত পৃথক উপাত্তে দেখা গেছে, সেপ্টেম্বরে খাদ্যপণ্যের দাম কমেছে, যা দেশটির দুই বছরের ইতিহাসে প্রথম। খাদ্যপণ্যে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯ শতাংশ।

সুপারমার্কেটগুলো সম্প্রতি ক্রেতা আকর্ষণে ডেইরি পণ্য, মাছ ও সবজিতে বিশেষ ছাড় ঘোষণা করেছে। খাদ্যপণ্যের গড় দামে এ পদক্ষেপের প্রভাব পড়েছে। টম স্টিল বলেন, ‘সুপারমার্কেটগুলো গ্রাহক টানতে সব ধরনের পথই অনুসরণ করছে। পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে রাখতে ইতিবাচক ভূমিকা রেখেছে।’