ফোর্বস বিলিয়নেয়ারের তালিকায় ছোট হলেও তাতে যুক্ত হয়েছে সিঙ্গাপুরের নতুন কিছু মুখ। বেসরকারি কোম্পানি হং রিয়ালটির কিউইক লেং কিউ, হোটেল টাইকুন মাইকেল কুম ও র্যাফলস মেডিকেল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা লু চুন ইয়ং প্রবেশ করেছেন তালিকায়। ছোট দেশটিতে ৩৫ জন বিলিয়নেয়ারের মোট সম্পদের পরিমাণ দাঁড়াল ১১ হাজার ৮৯০ কোটি মার্কিন ডলার। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
সিঙ্গাপুরের বিলিয়নেয়ারদের মধ্যে শীর্ষে রয়েছেন লি শিতিং। তিনি শেনজেন মিনদ্রে বায়োমেডিকেল ইলেকট্রনিকসের প্রতিষ্ঠাতা প্রধান। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মিনদ্রে। বিশ্বজুড়ে ভেন্টিলেটর ও মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ করে প্রতিষ্ঠানটি। লি শিতিংয়ের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৩০ কোটি ডলার। ফোর্বসের বার্ষিক তালিকায় তার অবস্থান ১০৩তম। অন্যদিকে নিপ্পন পেইন্টের আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী গোহ চেং লিয়াংয়ের সম্পদ ১ হাজার ৪৩০ কোটি ডলার। ফোর্বসের তালিকায় ১২৩তম অবস্থান তার। সিঙ্গাপুরের বিলিয়নেয়ার তালিকায় অবস্থান দ্বিতীয়। ৯৪ বছর বয়সী প্রখ্যাত ব্যাংকার উই চো ইয়াওয়ের সম্পদের পরিমাণ ৭১০ কোটি ডলার। বৈশ্বিক ধনকুবের সূচকে তার অবস্থান ৩২৫তম।
ফোর্বসের তালিকায় বিশ্বব্যাপী টানা দ্বিতীয় বছরের মতো কমেছে বিলিয়নেয়ারের সংখ্যা। ২০২২ সালে পৃথিবীতে বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৮ জন। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪০ জনে।










