পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিসার কাদের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে ব্যাংকটির ১৯ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি দেড় লাখ শেয়ার বিক্রি করবেন। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি করা হবে। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

এদিকে পূর্ব ঘোষণা অনুসারে নিসার কাদের তার অধীনে থাকা ব্যাংকটির দুই লাখ শেয়ার বিক্রি করেছেন। ডিএসইর মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করেন তিনি। ৫ অক্টোবর ডিএসইতে এসব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন এ উদ্যোক্তা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা।