কানাডায় খুচরা বিক্রি জুলাইয়ের তুলনায় আগস্টে দশমিক ১ শতাংশ কমেছে। সেপ্টেম্বরেও এ হার অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। বর্তমানে কানাডার প্রবৃদ্ধি অনেকটা থমকে গেছে। ২০২২ সালের মার্চের পর থেকে ১০ বার সুদহার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দেশটিতে সুদহার অপরিবর্তিত রাখা হতে পারে বলে জানিয়েছে স্ট্যাটিসটিকস কানাডা। খবর রয়টার্স।
রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা গত জুলাইয়ের তুলনায় দশমিক ৩ শতাংশ বিক্রি হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন। কারণ হিসাবে মূল্যস্ফীতির কথা বলা হয়েছিল। যদিও মূল্যস্ফীতি কমিয়ে ২ শতাংশ লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে ব্যাংক অব কানাডা।
গেল আগস্টে মোটর গাড়ি ও যন্ত্রাংশ ডিলারদের নয়টি সাব-সেক্টরের মধ্যে ছয়টিতে বিক্রি কমেছে। ব্যাংক অব কানাডা ২৫ অক্টোবর তাদের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করবে এবং সুদহার ঘোষণা করবে। গভর্নর টিফ ম্যাকলেম গত সপ্তাহে বলেছিলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক গুরুতর কোনো মন্দার পূর্বাভাস দেবে না।’
অর্থনীতি বিশ্লেষক তিয়াগো ফিগুয়েরেদো বলেন, ‘তৃতীয় প্রান্তিকের বার্ষিক প্রবৃদ্ধি দশমিক ২ শতাংশ হতে পারে, যা জুলাইয়ে ব্যাংক পূর্বাভাস দিয়েছিল ১ দশমিক ৫ শতাংশ।’ তিনি আরো বলেন, ‘সেপ্টেম্বরে বিক্রি বৃদ্ধির শ্লথগতি চতুর্থ প্রান্তিকের জন্য দুর্বল প্রবৃদ্ধির বার্তা।’










