ব্রাজিলে ভুট্টা উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২২-২৩ বিপণন মৌসুমে দেশটিতে শস্যটির আবাদ নতুন রেকর্ড গড়তে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভুট্টার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তার ওপর স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে শস্যটির দামও ঊর্ধ্বমুখী। অন্যদিকে সারের প্রাপ্যতা নিয়ে অনিশ্চতা কমছে। এ বিষয়গুলোই ব্রাজিলকে উৎপাদন বাড়াতে সহায়তা করবে।
এফএএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিলে ২ কোটি ২৫ লাখ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হতে পারে। ২০২১-২২ মৌসুমে আবাদি জমির পরিমাণ ছিল ২ কোটি ১৭ লাখ হেক্টর। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে আট লাখ হেক্টর জমিতে আবাদ বাড়বে। এছাড়া আগের পূর্বাভাসের চেয়েও আবাদি জমির পরিমাণ বাড়ানো হয়েছে।
এফএএস বলছে, বছরের প্রথম দিকে আশঙ্কা ছিল ব্রাজিলে সার সংকট দেখা দিতে পারে। বেলারুশের ওপর নিষেধাজ্ঞা এবং চলমান ইউক্রেন সংঘাতের কারণেই এমন আশঙ্কা তৈরি হয়। কিন্তু বর্তমানে এসব প্রতিবন্ধকতা সারের প্রাপ্যতায় খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে হচ্ছে। গত মে মাসে ব্রাজিল আগের মাসের তুলনায় ৩৫ শতাংশেরও বেশি সার আমদানি করে। ওই মাসে রাশিয়া থেকে দেশটির আমদানি ৬৩ শতাংশ বেড়েছে।
এদিকে ভুট্টা রফতানি পূর্বাভাসও বাড়ানো হয়েছে। ২০২২-২৩ মৌসুমে দেশটি ৪ কোটি ৬৫ লাখ টন ভুট্টা রফতানি করতে পারে। ২০২১-২২ মৌসুমের তুলনায় রফতানি বাড়বে ২০ লাখ টন। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা ও উৎপাদন বাড়ার প্রত্যাশায় পূর্বাভাস বাড়ানো হয়েছে। এছাড়া সম্প্রতি চীন ও ব্রাজিল সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তিও রফতানি বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।










