ফরাসি সরকারকে ১২৯ কোটি ডলার দেবে ম্যাকডোনাল্ড’স ফ্রান্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বছরের পর বছর কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত একটি মামলা নিষ্পত্তি করতে এ অর্থ দিতে সম্মত হয়েছে মার্কিন ফাস্ট ফুড জায়ান্ট। সম্প্রতি প্যারিসের একটি আদালত এ মীমাংসার অনুমোদন দিয়েছে। খবর এপি।

এ সিদ্ধান্তের অর্থ হলো, ২০১৬ সালে ইউনিয়নগুলোর একটি আইনি অভিযোগের পরিপ্রেক্ষিতে চালু করা ম্যাকডোনাল্ড’স ফ্রান্সের বিরুদ্ধে চলমান কর জালিয়াতির তদন্ত বন্ধ করা হবে।

ফ্রান্সের জাতীয় আর্থিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ম্যাকডোনাল্ড’স ফ্রান্স, ম্যাকডোনাল্ড’স সিস্টেম অব ফ্রান্স, এমসিডি লুক্সেমবার্গ রিয়েল এস্টেট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জরিমানা এবং বকেয়া কর বাবদ ১২৪ কোটি ইউরো (১২৯ কোটি ডলার) দেবে। কয়েক বছর ধরে চলা আলোচনার পর প্রতিষ্ঠানগুলো এ অর্থ দিয়ে মামলা নিষ্পত্তি করতে সম্মত হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২০০৯-২০ সাল পর্যন্ত মুনাফা লুকানোর এবং ফ্রান্সে কৃত্রিমভাবে কম মুনাফা দেখানোর অভিযোগ আনা হয়েছিল। ম্যাকডোনাল্ড’স করপোরেশন একটি বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি এরই মধ্যে সেই সময়ের কর বাবদ ২২০ কোটি ইউরো পরিশোধ করেছে। যদিও সংস্থাটি অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।