ইন্টারকন্টিনেন্টাল ফিউচারস এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম কমে চার মাসের সর্বনিম্নে নেমেছে। মূলত বিনিয়োগকারীরা বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি এড়াতে দীর্ঘমেয়াদি চুক্তি থেকে সরে আসার কারণেই পণ্যটির বাজারদরে এমন নিম্নমুখী প্রবণতা তৈরি হয়। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, জুলাই সরবরাহ চুক্তিতে অপরিশোধিত চিনির দাম দশমিক ১০ শতাংশ কমেছে। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ১৮ ডলার ৩৭ সেন্টে। কার্যদিবসের শুরুর দিকে পণ্যটির দাম ১৮ ডলার ২৩ সেন্টে নেমে গিয়েছিল, যা ১ মার্চের পর সর্বনিম্ন। অন্যদিকে আগস্ট সরবরাহ চুক্তিতে সাদা চিনির দাম ১ দশমিক ৩ শতাংশ বা ৭ ডলার ৪০ সেন্ট কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫৪৩ ডলার ৬০ সেন্টে।
ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের প্রাক্কলন বলছে, ২০২১-২২ মৌসুমে চিনির ১৯ লাখ ২০ হাজার টনের বৈশ্বিক ঘাটতি ২ লাখ ৩৭ হাজার টন উদ্বৃত্তে পরিণত হতে যাচ্ছে।










