সুইস ফুড জায়ান্ট নেসলের বিক্রি কমেছে। পণ্যের দাম বাড়ানোর কারণে বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বার্ষিক আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে কোম্পানিটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

নেসপ্রেসো ক্যাপসুল থেকে শুরু করে পুরিনা পেট ফুডসহ বিভিন্ন বেবি কেয়ার পণ্য বিক্রি করে থাকে নেসলে। আগের বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মেয়াদে কোম্পানিটির বিক্রির পরিমাণ কমেছে দশমিক ৬ শতাংশ। এতে নেসলের আয় দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। 

নেসলের প্রধান নির্বাহী মার্ক স্নাইডার আয়সংক্রান্ত বিবৃতিতে বলেন, ‘‌প্রবৃদ্ধি মূল্যের দ্বারা প্রভাবিত হয়েছিল। কারণ আমরা ঐতিহাসিক মূল্যস্ফীতির স্তরে নেভিগেট করছি। বিক্রির পরিমাণও পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নেসলের বিক্রি ৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পর নয় মাস (জানুয়ারি-সেপ্টেম্বর) মেয়াদে ৮ দশমিক ৪ শতাংশে নেমে আসে। পরে আবারো দাম বৃদ্ধির গতি কমিয়েছে কোম্পানিটি। ২০২৩ সালের জন্য নেসলের অর্গানিক আয় বৃদ্ধির পূর্বাভাস ৭-৮ শতাংশের মধ্যে রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ালেও মূল্যস্ফীতির কারণে বিশ্বজুড়ে ভোগ্যপণ্য কোম্পানিগুলো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।