চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী মুনাফা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী লোকসান হয়েছিল কোম্পানিটির। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সি পার্ল বিচ রিসোর্টের পরিচালন মুনাফা হয়েছে ৪২ কোটি ৯৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৬ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন মুনাফা বেড়েছে ২৬ কোটি ৬৫ লাখ টাকা বা ১৬৩ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ১ কোটি ৫ লাখ টাকা কর-পরবর্তী লোকসান হয়েছিল কোম্পানিটির।