আগামী জুলাইয়ে বিশ্বের প্রতিটি দেশের পর্যটকদের স্বাগত জানাবে নিউজিল্যান্ড। পাশাপাশি ক্রুজ জাহাজ ভ্রমণ এবং দক্ষ কর্মীদের অভিবাসন সহজ করবে দেশটি। সবমিলিয়ে মহামারীজনিত বাধা কাটিয়ে আবারো বিশ্বের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে দ্বীপরাষ্ট্রটি। খবর এপি।
দুই বছরেরও বেশি সময় আগে কভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর নিউজিল্যান্ড সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। এ সময়ে ৫০ লাখ মানুষের দেশটি কভিডের প্রাদুর্ভাব থেকে দূরে থাকতে এবং টিকার হার বাড়িয়ে তোলার চেষ্টা করেছে। অন্যান্য উন্নত দেশের তুলনায় দেশটিতে কভিডে মৃতের সংখ্যা অনেক কম রয়েছে।
গত মাস থেকে ধাপে ধাপে সীমান্ত খুলে দিচ্ছে নিউজিল্যান্ড। গত মাসে অস্ট্রেলিয়ানদের জন্য এবং এরপর চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৫০টিও বেশি দেশের পর্যটকদের দেশটি ভ্রমণের অনুমতি দেয়া হয়। সাম্প্রতিক ঘোষণার ফলে ৩১ জুলাই থেকে চীন, ভারত ও অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের দেশটি ভ্রমণের অনুমতি দেবে।










