পূর্ব ঘোষণা অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৩৮ হাজার ৫০০টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনেছেন এ উদ্যোক্তা-পরিচালক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭৫০টি। এর মধ্যে ৩২ দশমিক ৮১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ২১ দশমিক ২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৪৫ দশমিক ৯৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫৭ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৫৪ টাকা ৫০ পয়সা থেকে ৩৯৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-আগস্ট) এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫১ টাকা ১২ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে এপেক্স ফুটওয়্যারের পর্ষদ। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৯২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩১ দশমিক ১৭ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪৪ টাকা ৫৪ পয়সায়।









