চলতি বছরের নভেম্বরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমিয়ে এনেছে ইরাক। এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি আগের মাসের তুলনায় দৈনিক দেড় লাখ ব্যারেলের বেশি কমেছে। ইরাকের জ্বালানি মন্ত্রণালয়ের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও অ্যারাবিয়ান বিজনেস।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের নভেম্বরে ইরাক থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ২৭ লাখ ৯ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। এর আগের মাসে দেশটি থেকে প্রতিদিন গড়ে ২৮ লাখ ৭৬ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ইরাক থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় রফতানি কমেছে ১ লাখ ৬৭ হাজার ব্যারেল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা বন্দর হয়ে প্রতিদিন গড়ে ২৬ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। আগের মাসে এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২৭ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। নভেম্বরে বাকি জ্বালানি তেল রফতানি হয়েছে কিরকুক থেকে।
এদিকে চলতি বছরের অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে ইরাক সব মিলিয়ে ৩৩৯ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির গড় রফতানি মূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৪১ ডলার ৭৭ সেন্ট।










