সুদহার অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। আগামী বসন্তে মুদ্রানীতি শিথিল করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল তা আপাতত পূরণ হচ্ছে না বলে গতকাল জানিয়েছে ইসিবি। খবর রয়টার্স।
গত সেপ্টেম্বরে সুদহার বাড়ানোর চক্র শেষ করেছে ইসিবি। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা দ্রুত সুদহার কমাবেন। তবে কর্মকর্তাদের একাংশ তখন এ পূর্বাভাসের সমালোচনা করেছিলেন। ইউরোপের অর্থনীতিতে মূল্যস্ফীতি এখনো রয়েছে। মজুরি নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। ফলে এ মুহূর্তে সুদহার কমানোর সিদ্ধান্তকে অসময়োচিত বলে আখ্যা দিচ্ছেন অর্থনীতিবিদরা।
বিনিয়োগকারীরা অবশ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ উভয় ক্ষেত্রে ভুল করেছে ইসিবি। নীতিনির্ধারকরা শিগগিরই সুদহার কমাতে বাধ্য হবেন।
তবে এ দাবি উড়িয়ে দিয়েছেন ইসিবির কর্মকর্তারা। এ ধরনের কোনো বিষয় আপাতত আলোচ্যসূচিতে থাকছে না বলে জানিয়ে দিয়েছেন তারা।










