২০২১-২২ বিপণন মৌসুমে খাদ্যশস্য ও তেলবীজ রফতানি থেকে ২ হাজার ২২০ কোটি ডলার আয় করেছে ইউক্রেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও কৃষি উপমন্ত্রী তারাস কাচকার বরাত দিয়েছে ইউক্রিনফর্ম জানায়, গত বছরের ১ জুলাই এ মৌসুম শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন শেষ হয়। মৌসুমজুড়ে ৬ কোটি ১৫ লাখ ২০ হাজার টন দানাদার খাদ্যশস্য ও তেলবীজ রফতানি করে ইউক্রেন।

সদ্য বিদায়ী এ মৌসুমে ইউক্রেনের খাদ্যশস্য ও তেলবীজ রফতানি আয় বাড়াতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে ভুট্টা ও সূর্যমুখী তেল রফতানি। উভয় পণ্য থেকে ১ হাজার ১৬০ কোটি ডলার এসেছে বলে জানান কৃষি উপমন্ত্রী।

প্রসঙ্গত, গত বছর ইউক্রেনে রেকর্ড সর্বোচ্চ খাদ্যশস্য ও তেলবীজ উৎপাদন হয়। উৎপাদনের পরিমাণ ছিল ১০ কোটি ৬০ লাখ টন। তবে এ বছর উৎপাদন হলেও রফতানিতে ধস নেমেছে। ফলে ২০২২-২৩ মৌসুমে রফতানি আশঙ্কাজনক হারে কমতে পারে। কারণ রাশিয়া হামলা চালানোর পর অবরুদ্ধ হয়ে পড়েছে ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দর। দেশটি সিংহভাগ শস্যই সমুদ্রপথে রফতানি করে। কিন্তু বন্দর অবরুদ্ধ থাকায় পশ্চিম সীমান্ত দিয়ে স্থল, রেল ও নদীপথে খাদ্যশস্য রফতানি করতে বাধ্য হচ্ছে। যুদ্ধের আগে ইউক্রেন প্রতি মাসে গড়ে ৬০ লাখ টন শস্য রফতানি করত। কিন্তু যুদ্ধ শুরুর পর তা কমে গড়ে ১০ লাখ টনে নেমেছে।