বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি (আইসিআইসিএল) আইনি নিরীক্ষক (স্ট্যাচুটরি অডিটর) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

তথ্যানুসারে, পূর্ববর্তী নিরীক্ষক পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যপদ পূরণে নতুন নিরীক্ষক নিয়োগ দেবে আইসিআইসিএল। নিরীক্ষক নিয়োগের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হওয়ায় এ ইজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট অনুযায়ী সিডিবিএলের ডিপোজিটরি রেজিস্ট্রারে যেসব শেয়ারহোল্ডারের নাম থাকবে, তারাই কেবল ইজিএমে অংশগ্রহণ ও নিরীক্ষক নিয়োগের বিষয়ে ভোট দিতে পারবেন।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইসিআইসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আইসিআইসিএলের ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ২৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আইসিআইসিএলের ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আইসিআইসিএলের ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ১ পয়সায়।

আইসিআইসিএলের সর্বশেষ সিপিএ (দাবি পরিশোধের সক্ষমতা) রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যায়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে ২০২২ সালের ১৮ ডিসেম্বর থেকে ডিএসইতে লেনদেন শুরু করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫০ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬ কোটি ৬৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৬৬। এর ৪১ দশমিক ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।