বুলগেরিয়ায় শস্য উৎপাদনে কয়েক বছর ধরে চাঙ্গা ভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকতে পারে চলতি বছরও। বিশেষত এবার দেশটিতে রেকর্ড পরিমাণ গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ সময় বুলগেরিয়ায় বার্লি উৎপাদনেও চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বুলগেরিয়ার কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছর শেষে দেশটিতে সব মিলিয়ে ৫৬ লাখ ৫০ হাজর টন গম উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেশি । এর মধ্যে ৯৬ শতাংশই উৎপাদিত হবে বুলগেরিয়ার গম আবাদের প্রধান অঞ্চলগুলো থেকে।
এছাড়া বলকান দেশটিতে চলতি বছর যব উৎপাদনেও চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। এবার বুলগেরিয়া সব মিলিয়ে ৫ লাখ ৩৪ হাজার টন যব উৎপাদন করতে পারে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেশি।
বুলগেরিয়ার কৃষিমন্ত্রী দেশীস্লাভা তানিভা বলেন, আন্তর্জাতিক শস্য বাজারে বুলগেরিয়া নিজের অবস্থান ক্রমেই পোক্ত করে চলছে। দেশটিতে ভালো মানের শস্য উৎপাদিত হওয়ায় বিশ্ববাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণে দেশটির কৃষকরা আরো বেশি মানসম্মত শস্য উৎপাদনে মনোযোগী হচ্ছেন।
কৃষ্ণসাগরীয় দেশটি ২০১৭ সালে রেকর্ড পরিমাণ শস্য উৎপাদন ও রফতানি করে আন্তর্জাতিক বাজারে আলোচনায় আসে। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ বিপণনবর্ষে সব মিলিয়ে ৬১ লাখ টন গম উৎপাদন করেছিল, যা ছিল দেশটির রেকর্ড সর্বোচ্চ গম উৎপাদন। মানসম্মত শস্য, পর্যাপ্ত সরবরাহ এবং বৈশ্বিক চাহিদা থাকায় এ সময় বুলগেরিয়া থেকে আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণ গম রফতানিও হয়েছিল। এর পরের বছরগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকতে দেখা গেছে।










