বরাবরই সম্পদ সুরক্ষায় অভয়াশ্রম বা করস্বর্গ হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। কিন্তু সাম্প্রতিক উত্তরাধিকার কর নিয়ে গণভোটের কারণে অনেক অতিধনী সুইজারল্যান্ডে অভিবাসন ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে বসেছেন। গণভোট প্রস্তাবে দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির যুব শাখা জ্যুনেস সোসিয়ালিস্ত বলেছে, জলবায়ু সংকট মোকাবেলায় এ ধরনের কর হতে পারে উপযুক্ত উৎস। খবর ইউরোনিউজ।
মূলত জ্যুনেস সোসিয়ালিস্তের আন্দোলন উত্তরাধিকার করের প্রশ্নটি ভোটাভুটিতে নিয়ে এসেছে। আগামীকাল সুইস ভোটাররা সিদ্ধান্ত নেবেন ৫ কোটি সুইস ফ্রাঁ বা ৫ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ইউরোর বেশি উত্তরাধিকার ও সম্পদ হস্তান্তরের ওপর ৫০ শতাংশ কর আরোপ হবে কিনা।
তবে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সংবাদমাধ্যম টামেডিয়া ও ২০ মিনিটের যৌথ জরিপ অনুযায়ী, সুইজারল্যান্ডের ৭৫ শতাংশ ভোটার অতিধনীদের ওপর কর আরোপের প্রস্তাবটি বাতিল করতে পারেন। অক্টোবরে বাতিলের পক্ষে ছিল ৬৭ শতাংশ অংশগ্রহণকারী।
প্রস্তাবটি ব্যর্থ হওয়ার দিকে এগোলেও কেউ কেউ আশঙ্কা করছেন, এ গণভোট ‘করস্বর্গ’ হিসেবে সুইজারল্যান্ডের মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে।
পরামর্শক সংস্থা ডেলয়েটের তথ্য অনুসারে সুইজারল্যান্ডের সম্পদ ব্যবস্থাপনা খাত বিশ্বে সবচেয়ে বড়। এখানে বিদেশীদের প্রায় ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সম্পদ রাখা আছে। তবে বিভিন্ন ধরনের সুবিধার মাধ্যমে সুইজারল্যান্ডের এ শীর্ষ অবস্থানকে চ্যালেঞ্জ করেছে সিঙ্গাপুর ও যুক্তরাজ্য।
কেএওএফ সুইস ইকোনমিক ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ইসাবেল মার্তিনেস বলেন, ‘শোনা যাচ্ছে, গণভোটের কারণে ধনীদের একটি অংশ সুইজারল্যান্ডে আসার পরিকল্পনা স্থগিত করেছেন। মূলত কর পরামর্শকদের অনানুষ্ঠানিক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যাচ্ছে। ফলে পরিকল্পনা স্থগিত করা ধনীদের পরিমাণ বা তাদের সিদ্ধান্তের গুরুত্ব নির্ধারণ এখনই কঠিন।’
প্রস্তাব অনুযায়ী, নতুন করনীতি থেকে সংগৃহীত অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যয় হবে। জ্যুনেস সোসিয়ালিস্ত বলছে, জলবায়ু রক্ষায় সুইজারল্যান্ড যথেষ্ট কাজ করছে না। নির্ধারিত লক্ষ্য পূরণে বছরে আরো কয়েক বিলিয়ন সুইস ফ্রাঁ প্রয়োজন।
যারা জলবায়ুর ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী, ভবিষ্যতের জন্য নেয়া উদ্যোগে তাদেরই বেশি অবদান রাখা উচিত।
গণভোটের প্রস্তাব আনতে এক লাখ সমর্থকের স্বাক্ষর সংগ্রহ করেছে জ্যুনেস সোসিয়ালিস্ত। তবে প্রস্তাবটি আইনে পরিণত হতে সুইস ভোটারদের ৫০ শতাংশের বেশি এবং ২৬টি ক্যান্টন বা প্রশাসনিক অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে।
প্রতিবেদনে বলা হচ্ছে, গণভোটের উদ্যোগ শুধু অতিধনী নয়, ক্ষুদ্র সুইস ব্যবসায়ীরাও পছন্দ করছেন না। দেশটির শিল্পোৎপাদন খাতের সংগঠন সুইসমেম বলছে, অনেক পারিবারিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে (এসএমই) কার্যত রাষ্ট্রায়ত্তকরণের দিকে ঠেলে দেবে উত্তরাধিকার কর। এসব প্রতিষ্ঠান কয়েক প্রজন্ম ধরে পরিবারগুলো গড়ে তুলেছে, লাখো কর্মসংস্থান দিয়েছে এবং নিয়মিত কর দিচ্ছে।
ইসাবেল মার্টিনেস স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালে সুইসরা আরো মধ্যপন্থী প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল। ওই প্রস্তাবে বলা হয়, ২০ লাখ সুইস ফ্রাঁর বেশি সম্পত্তির ওপর ২০ শতাংশ কর দিতে হবে। তিনি বলেন, ‘ওই গণভোটে সরাসরি প্রভাবিত হতো জনসংখ্যার ২ শতাংশের কম। তবুও ৭১ শতাংশ মানুষ এর বিপক্ষে ভোট দেয়। প্রধান উদ্বেগ ছিল, এতে অনেক পারিবারিক ব্যবসা ও এসএমই ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতি দুর্বল হবে এবং চাকরি হুমকির মুখে পড়বে। একই উদ্বেগ বর্তমান প্রস্তাবেও প্রযোজ্য।’
অবশ্য যেসব দেশে উত্তরাধিকার কর রয়েছে, সেখানেও এটি খুব একটা জনপ্রিয় নয়। খুব অল্পসংখ্যক মানুষই এ কর পরিশোধ করে। বৈষম্য কমাতে উদ্যোগটি সহায়ক হলেও রাজস্ব বাড়ানোর সক্ষমতা সীমিত বলে অভিমত বিশ্লেষকদের। ২০২৩ সালে ওইসিডি-ভুক্ত দেশগুলোর মোট কর-রাজস্বের দশমিক ৪১ শতাংশ এসেছে উত্তরাধিকার, এস্টেট ও উপহার কর বাবদ। ইউরোপে এ হার ছিল দশমিক ৪০ শতাংশ।










