পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানিটির ন্যাচারাল মেডিসিন ডিভিশন ইউনিটের একাংশ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান দ্য ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সাবসিডিয়ারি কোম্পানিটিতে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে হস্তান্তরযোগ্য সম্পদের মূল্য দাঁড়াবে ২০ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৬৭০ টাকা। উত্তম ব্যবস্থাপনা, ন্যাচারাল মেডিসিন পণ্যের উৎপাদন সহজলভ্য করা ও ভালো ব্যবসা করতে এ সম্পদ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ।

এছাড়া ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ও ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের মধ্যে উল্লেখিত ২০ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৬৭০ টাকার সম্পদ বিক্রয়সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। তবে এক্ষেত্রে সাবসিডিয়ারি কোম্পানিটি থেকে নগদ অর্থ আদায়ের পরিবর্তে অন্যান্য পদ্ধতি বিবেচনায় নেয়া হবে। আগামী ৩০ অক্টোবর আহ্বান করা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও নেবে কোম্পানিটি।

এদিকে বিক্রয় ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য কক্সবাজারের সদর থানাধীন ঝিলঞ্জা মৌজায় ২৭ ডেসিমল জমি কেনার সম্মতি দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ। এ জমি কিনতে নিবন্ধন ও অন্যান্য খরচ বাদে কোম্পানিটির ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ টাকা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ৩০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৯ সেপ্টেম্বর।