সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৭৭ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে লাফার্জহোলসিমের মোট ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ৭১৩টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর এ সময়ে ২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লাফার্জহোলসিম বাংলাদেশের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সায়।