জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার কমেছে। ফলে ব্যাংক অব ইংল্যান্ডের ওপর থেকে সুদহার বাড়ানোর চাপ কমেছে। খবর সিএনবিসি।

দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর সম্প্রতি জানিয়েছে, আগস্টে ভোক্তা মূল্য সূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা আগের মাসের তুলনায় কম। খাদ্য ও জ্বালানি তেলের প্রকৃত মূল্যস্ফীতি ৬ দশমিক ৯ শতাংশ থেকে ৬ দশমিক ২ শতাংশে নেমে এসেছে।

কভিড-১৯ মহামারীর সময় থেকে কর্মী সংকটে মজুরি চাহিদা বেড়ে যায়। এতে জি৭ দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ মূল্যস্ফীতির মুখোমুখি হয় যুক্তরাজ্য। পরিষেবা মূল্যস্ফীতি ৭ দশমিক ৪ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বেঞ্চমার্ক ঋণের হার ২০২১ সালের শেষের দিকে শূন্যের কাছাকাছি ছিল, যা দ্রুত বেড়ে ৫ দশমিক ২৫ শতাংশ হয়েছে। জরিপে দেখা যায়, দেশটিতে তৃতীয় প্রান্তিকের প্রথম কয়েক সপ্তাহে অর্থনৈতিক কার্যক্রম সংকুচিত হয়েছে, যা মন্দার ঝুঁকি বাড়াচ্ছে।