আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছর চীনের জিডিপির পূর্বাভাস ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৪ শতাংশ করেছে। একই সঙ্গে ২০২৪ সালের জিডিপি ৪ দশমিক ৬ শতাংশ কমবে বলে জানিয়েছে। এর কারণ হিসেবে সম্পদ-সম্পত্তি খাতে দুর্বলতা ও রফতানি চাহিদা কমে যাওয়াকে দেখানো হচ্ছে। আইএমএফের বৈশ্বিক অর্থনীতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

সম্ভাব্য সংকট মোকাবেলায় চীন সরকার এরই মধ্যে ১ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ অনুমোদন করেছে। স্থানীয় সরকারের শাখাগুলো ২০২৪ সালে যাতে কোটা অনুযায়ী বরাদ্দ ব্যয় করতে পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এসবের লক্ষ্য সামগ্রিক অর্থনীতি গতিশীল রাখা।

আইএমএফের মুখ্য উপব্যবস্থাপনা পরিচালক গীতা গোপিনাথ এক বিবৃতিতে বলেন, ‘‌এ প্রক্ষেপণ ২০২৩ ও ২০২৪ সালের পুনর্নিরীক্ষার ফলাফল। তৃতীয় প্রান্তিকে চীন প্রত্যাশার চেয়ে ভালো করেছে।

 ২০২৮ সাল পর্যন্ত চীনের জিডিপি ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পাবে। এর কারণ দুর্বল উৎপাদন ও প্রবীণ জনসংখ্যা।’

তিনি জানান, চীন সম্পদব্যবস্থাপনা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছে। অর্থনীতির দ্রুত পুনরুদ্ধারের জন্য আরো বেশি উদ্যোগ প্রয়োজন। এমন গুচ্ছ পরিকল্পনা নেয়া দরকার, যাতে অর্থনীতি স্থিতিশীল থাকে। এজন্য কেন্দ্রীয় সরকারকে বরাদ্দ বাড়াতে হবে।

চীনে স্থানীয় ঋণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। এটা ২০২২ সালের চীনা অর্থনীতির মোট উৎপাদনের ৭৬ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ৬২ দশমিক ২ শতাংশ।