পৌরসভা পর্যায়ে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে।  বুধবার (১ নভেম্বর) দিশা টাওয়ারে কুষ্টিয়া পৌরসভা ও প্রবৃদ্ধি প্রকল্পের মধ্যে এ চুক্তি সাক্ষরিত হয়।

কৃষি পণ্যের পাশাপাশি টেক্সটাইল শিল্পেও কুষ্টিয়া বেশ অগ্রসর।  সেই সঙ্গে আইসিটি সেক্টরেও কুষ্টিয়ার রয়েছে অপার সম্ভাবনা। ক্রমবিকাশমান এই সব শিল্প ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় লক্ষাধিক জনশক্তির কর্মসংস্থান হয়েছে বলে উল্লখে করছেনে সংশ্লষ্টি ব্যক্তিরা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. এহতেশাম রেজা বলেন, স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে কুষ্টিয়াকে রূপান্তরিত করার ক্ষেত্রে প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  এ সময় তিনি প্রবৃদ্ধির যাত্রা শুরু করায় সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

কুষ্টিয়ার মেয়র মো. আনোয়ার আলী বলেন, পৌরসভা ও প্রবৃদ্ধি প্রকল্পের মধ্যে এই চুক্তি কুষ্টিয়ার স্থানীয় অর্থনৈতিক অগ্রগতি ও উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং শিল্পের মান বাড়ানোর পথ তৈরি করবে।  একই সঙ্গে নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে আরো নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সোহেল ইবনে আলী বলেন, উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সুইজারল্যান্ড বাংলাদেশের স্থানীয় পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর ও কল্যাণকর এমন উদ্ভাবনী প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে আসছে।  এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কুষ্টিয়ার একটি রূপান্তরের যাত্রার সূচনা হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্পের যৌক্তিক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য সহায়ক নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন সম্ভব হবে।  এর ফলে ব্যবসাবান্ধব স্থানীয় অর্থনীতি ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইসকন্ট্রাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের ছয়টি পৌরসভার সঙ্গে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে।