যুক্তরাজ্যে আরো ৮০টি ফ্লাইট বাতিল করেছে ইজিজেট। এ কারণে কয়েক হাজার যাত্রী ছুটি শেষে নিজ গন্তব্যে ফিরতে পারেননি। পাশাপাশি ভ্রমণ বিশৃঙ্খলার কারণে ইউরোস্টার ট্রেনগুলো আরো বিলম্বিত হয়েছে এবং জয়ন্তী ছুটি থেকে ফিরে আসা চালকদের কারণে সড়কগুলোও আটকে গিয়েছিল। খবর দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ রানীর দায়িত্ব গ্রহণের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চলমান ছুটিতে প্রায় ২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ কারণে ইউরোপজুড়ে বিভিন্ন বিমানবন্দরে কয়েক হাজার ব্রিটিশ ভ্রমণকারী আটকা পড়েছেন। ইংল্যান্ড ও ওয়েলসের বেশির ভাগ স্কুলের অর্ধমেয়াদি ছুটির সঙ্গে চারদিনের প্লাটিনাম জুবিলি ছুটি শেষ হয়েছে। এ কারণে ভ্রমণকারীদের চাপও কয়েক গুণ বেড়ে যায়।

ইজিজেট জানিয়েছে, চলমান চ্যালেঞ্জিং পরিবেশের কারণে প্রায় ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ কারণে প্রায় ১২ হাজার মানুষ ভ্রমণে ব্যর্থ হয়েছে।

সাপ্তাহিক এ ছুটির দিনে ইজিজেট ছাড়াও ব্রিটিশ এয়ারওয়েজ ও উইজ এয়ারেরও কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। পাশাপাশি এদিন বিদ্যুৎ সমস্যার কারণে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রভাবিত হওয়ার পর লুটনের দিকে যাওয়া প্রায় তিন হাজার যাত্রীকে অন্য বিমানবন্দরে সরিয়ে দেয়া হয়েছিল।

এদিকে প্যারিসের কাছে ইউরোস্টারের বিদ্যুৎ সরবরাহ সমস্যার কারণে ফ্রান্সের রাজধানীতে যাওয়া এবং সেখান থেকে বের হওয়া যাত্রীরা দীর্ঘ বিলম্বের মুখোমুখি হন। একই কারণে অনেক যাত্রা বাতিলের ঘটনা ঘটে। এমনকি অপরিহার্য না হলে ইউরোস্টার যাত্রীদের যাত্রা বাতিলের আহ্বান জানানো হয়। এ বাধা ছাড়াও সপ্তাহজুড়ে ক্রস-চ্যানেল ট্রেন পরিষেবা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। ফ্রান্সে প্রযুক্তিগত বিপর্যয় ও ট্রাক দুর্ঘটনায় প্রাণহানির কারণে পরিষেবাগুলো বিলম্বিত ও বাতিল করা হয়েছে।