ইকোনমিক সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইএসডি) বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) আমাদের অর্থনীতির জন্য একটি নতুন ধারণা। এ অর্থনৈতিক ফর্মুলাগুলো সব ইন্ডাস্ট্রির জন্য কাজ করে না, যার কারণে এ ধারণাগুলোকে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে দেশে বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চিত করতে হলে তাদের আরো সুযোগ-সুবিধা দিতে হবে। করপোরেট ট্যাক্স কমানোর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এমন পদক্ষেপ নিতে হবে যাতে বিনিয়োগকারীরা এখানে কোন চিন্তা ছাড়াই বিনিয়োগে আগ্রহী হবেন।


গতকাল সোমবার রাতে চট্টগ্রামে একটি হোটেলে বিএসআরএম প্রেজেন্টস ‘অ্যাডভান্সড ইকোনমিক সাসটেইনেবিলিটি’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে কী কী কাজ করতে হবে এ বিষয়ে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। 

সভায় ভেলর অব বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমুস আহমেদ আলবাব, মসলিন ক্যাপিটালের অ্যাডভাইজার মীর সাজেদ-উল বাসির এবং ভেলর অব বাংলাদেশের ট্রেজারার ও ডেভোটেকের চেয়ারম্যান রায়হান সামসি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ভিডিও বার্তায় স্বাগত বক্তব্য রাখেন ভেলর অব বাংলাদেশের চেয়ারম্যান আনিস এ খান। বিশ্বব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা সুরাইয়া জান্নাতের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভায় লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের দেশের ট্যাক্স পলিসি সুইটেবল না। স্টক এক্সচেঞ্জে আসতে হলে কোম্পানিকে একটি অ্যাকাউন্ট দেখাতে হয়। কিন্তু করপোরেট কর বেশি হওয়ার কারণে কোম্পানিগুলো সরাসরি ক্যাপিটাল মার্কেটে আসতে পারছে না। তাদের ভিন্নপথ অবলম্বন করতে হচ্ছে। অনেক কোম্পানি আছে যাদের ব্যাংক লোন বেশি কিন্তু সম্পদ কম, তারাও ক্যাপিটাল মার্কেটে আসতে চায় না। কেননা এ বাজারে আসতে হলে তাকে তার কোম্পানির সবকিছুই জমা দিতে হয়। কিন্তু কোম্পানিগুলো সেটা পারছে না, যার কারণে অনেক প্রতিষ্ঠান এ বাজারে আসছে না। তাছাড়া এখন বাজারে যে বন্ডগুলো আসছে সেগুলো গ্রাহকদের কাছে কনফিডেন্স আনতে পারেনি। যার কারণে বাংলাদেশে বন্ড মার্কেট সফল হয়ে উঠতে পারেনি এখনো। বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চিত করতে হলে তাদের আরো সুযোগ-সুবিধা দিতে হবে। যার কারণে করপোরেট ট্যাক্স কমানোর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।’

পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ইএসডি বা এসডিজি আমাদের অর্থনীতির জন্য সম্পূর্ণ নতুন একটি কনসেপ্ট। এ অর্থনৈতিক ফর্মুলাগুলো সব ইন্ডাস্ট্রির জন্য কাজ করে না। যার কারণে এ কনসেপ্টগুলোকে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে। আমরা শিল্পায়নের জন্য কাজ করছি। চট্টগ্রামে নতুন শিল্পজোন গড়ে উঠায় এখানে আরো নতুন ধরনের শিল্পকারখানা গড়ে তুলতে আমাদের কাজ করতে হবে।  শিল্প প্রতিষ্ঠান স্থাপনে চট্টগ্রাম চেম্বার কিংবা এফবিসিসিআই ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এ বিষয়গুলো নিয়ে দেশের বিভিন্ন পলিসি মেকারদের সঙ্গে আরো বেশী আলোচনা দরকার। তবে আমাদের এ নতুন শিল্পায়নে কি আসলে দরকার সেটাকে খুঁজে বের করতে হবে। আশা করছি চট্টগ্রামে আরো বেশী উন্নয়ন হবে।’



চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি’র সাবেক সহ-সভাপতি ও প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর বলেন, ‘চট্টগ্রামে এখন টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল কিংবা চাইনিজ ইকোনমিক জোন গড়ে তোলা হয়েছে। এতে বোঝা যায় আগামীতে চট্টগ্রাম দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। পোশাকখাতের প্রথম কারখানা চট্টগ্রামে স্থাপন করা হরেও এখন এই খাতের ব্যবসা ঢাকা কিংবা গাজীপুরমুখী হয়ে  গেছে। জমির প্রাপ্যতা কমে যাওয়া, জমির অতিরিক্ত মূল্যের কারণে এই শিল্পখাতটিতে চট্টগ্রামে পিছিয়ে পড়েছে। বাংলাদেশে যেখানে ৪৭ বিলিয়ন ডলার রফতানি হয় যার ৮০ থেকে ৮৫ শতাংশই পোশাকখাতের। অন্যদিকে ভিয়েতনামে বছরে ৩৫০ বিলিয়ন ডলার রফতানি হয় তার মাত্র ১০ থেকে ১২ শতাংশ হলো পোশাকখাত। যার কারণে আমাদের পোশাকখাত ছাড়াও অনান্যখাতের রফতানিতে মনোযোগ বাড়াতে হবে। তবে চট্টগ্রামে এগ্রো, ফিস, স্টিল, শিপ রিসাইক্লংসহ বড়বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। এ খাতগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ভালো। যার কারণে চট্টগ্রাম শিল্পখাত নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি। চট্টগ্রাম দেশের অর্থনীতিতে সব থেকে বড় ভূমিকা রাখে। 

তিনি আরো বলেন, ‘দেশের রফতানির ৮৫ থেকে ৮৬ শতাংশ তৈরি পোশাক খাতের অবদান। ভিয়েতনামে যেখানে ১০ শতাংশ অবদান রাখে পোশাক খাত। মূলত চট্টগ্রামে পোশাক খাতের যাত্রা শুরু হলেও এখন সে ব্যবসা, গাজীপুর বা ঢাকা কেন্দ্রিক হয়ে পড়েছে। অন্যান্য জায়গার তুলনায় চট্টগ্রামে জমির দাম বেশী এবং জমির প্রাপ্যতা কম থাকায় এই চট্টগ্রামে পোশাক খাতের বিপ্লব ঢাকা পড়েছে। চট্টগ্রামে এখন টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল কিংবা চায়নিজ ইকোনমিক জোন গড়ে তোলা হয়েছে। এতে বোঝা যায় আগামীতে চট্টগ্রাম দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। তাছাড়া স্টিল ইন্ডাস্ট্রির বড় অংশই চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে। চট্টগ্রামকে বিজনেস হাব গড়ে তোলার কারণে এখন যতগুলো অর্থনৈতিক প্রকল্পের কাজ শুরু হয়েছে তাতে চট্টগ্রাম দেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখবে।

বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন বলেন, ‘চট্টগ্রামে টানেল, শিল্প জোন, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু এসব প্রকল্পের জন্য যোগাযোগ ব্যবস্থা সেভাবে উন্নয়ন করা হয়নি। সেজন্য সরকারকে আরো অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। যাতে সকল ধরনের সুযোগসুবিধা বিনিয়োগকারীরা পান। চট্টগ্রাম একটি জনবহুল এলাকা। আমাদের পর্যাপ্ত জায়গার সংকট আছে। যার কারণে আমাদের ব্যালান্স সিটি তৈরি করতে হবে চট্টগ্রামকে। সকল নাগরীর সুযোগ সুবিধা থাকলে বিনিয়োগকারীরা চট্টগ্রামে আসবেন এবং শিল্পায়নে নতুন দরজা উন্মুক্ত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের অ্যাকাডেমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে করপোরেট ব্যবস্থার সমন্বয় হচ্ছে না। করপোরেট সংস্কৃতির সঙ্গে নিজেকে তৈরি করতে হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনেই নিজেকে বিশেষজ্ঞ করে তুলতে হবে। করপোরেট সংস্কৃতিতে যাতে গ্রাজুয়েটরা শুরু থেকেই নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে সেজন্য তাদের শিক্ষাজীবনেই যাতে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোও যাতে বড় ভূমিকা রাখতে পারে।