চলতি বছর যুক্তরাষ্ট্রের শেল অয়েল (পাথুরে তেল) উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বছর শেষে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়ে দৈনিক ১১ লাখ থেকে ১২ লাখ ব্যারেলে পৌঁছতে পারে, যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। খবর অয়েলপ্রাইসডটকম। 

প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্টের শেল অয়েল উত্তোলনে শ্লথগতি বজায় ছিল। তবে গত কয়েক সপ্তাহে এ অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এতে দেশটির চলতি বছরের শেল অয়েল উত্তোলনের আগের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

জ্বালানিবিষয়ক সংস্থা রাইস্ট্যাড এনার্জির জ্যেষ্ঠ বিশ্লেষক ভোরোনিকা আকুলিনিটসেভা জানান, চলতি বছরের শুরুতে শেল অয়েল উত্তোলনে সাময়িক চ্যালেঞ্জের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। তবে অনুসন্ধান ও উত্তোলনকারী কোম্পানিগুলো (ইঅ্যান্ডপি) বছরের বাকি সময়ে আগের লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্যটি উত্তোলন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। কোনো কোনো কোম্পানি এরই মধ্যে প্রাথমিক প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ তেল উত্তোলন করেছে। এতে বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেড়ে যাবে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।

রাইস্ট্যাড এনার্জি চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের ৫০টির মতো শেল অপারেটরের জ্বালানি পণ্যটির উত্তোলনবিষয়ক তথ্য বিশ্লেষণ করেছে। এতে এ সময়ের মধ্যে দেশটির গড় শেল অয়েল উত্তোলনে প্রবৃদ্ধির গতি কমে গেছে বলে উল্লেখ করা হয়েছে। গত বছরের তুলনায় এ সময়ে জ্বালানি তেলটির গড় উত্তোলনে মাত্র দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি বজায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।