সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভিয়েতনামের মধ্যে জোরদার হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক। সে লক্ষ্যে দেশ দুটির মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (কেপা) স্বাক্ষরিত হবে। এ বিষয়ে একমত হয়েছেন ইউএইর বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী থানি আল জিয়োদি এবং ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নগুয়েন হং ডিয়েন। সারা বিশ্বে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারই অংশ হিসেবে ভিয়েতনামের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হবে। খবর দ্য ন্যাশনাল।
দক্ষিণ-এশিয়ার দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ফলপ্রসূ হবে বলে মনে করেন আল জিয়োদি। বৃহস্পতিবার তিনি টুইটারে বলেন, ‘ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নগুয়েন হং ডিয়েন ও আমি আলোচনা শুরু করার ব্যাপারে একমত হয়েছি। আমরা কেপা নিয়ে কথা বলব। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার কেন্দ্রে একটি নতুন ও গুরুত্বপূর্ণ জোট তৈরি হবে।’
আল জিয়োদি আরো জানান, এ অংশীদারত্বের বিপুল সম্ভাবনা আছে। ২০২২ সালে দুটি দেশের মধ্যে জ্বালানি তেল ব্যতীত মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৭৯০ কোটি ডলার। নতুন চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরো ত্বরান্বিত হবে। কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও লজিস্টিকস খাতে রফতানি ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।’
গত বছর জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছিল। সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো ছিল সে চুক্তির উদ্দেশ্য। এর মাধ্যমে উভয় দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্পের বিনিময় জোরদার করার পদক্ষেপ নেয়া হয়েছিল।










