করোনা মহামারীর মধ্যে রাশিয়ার বাজারে খাদ্যপণ্যের দাম লাগামহীন বাড়তে শুরু করেছে। এ মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে খাদ্য ও কৃষিপণ্য রফতানিতে নিরুৎসাহিত করার পথে হাঁটছে দেশটি। এর অংশ হিসেবে গম রফতানিতে কোটা বেঁধে দিয়েছে রাশিয়া সরকার। এবার এ তালিকায় যুক্ত করা হয়েছে সয়াবিন। কৃষিপণ্যটির রফতানি শুল্ক ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়ার অর্থ মন্ত্রণালয়। বেঁধে দেয়া হয়েছে ন্যূনতম মূল্যও। একই সঙ্গে বাড়ানো হচ্ছে ধাতব পণ্যের রফতানি শুল্ক। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে রুশ সয়াবিনের ওপর ৩০ শতাংশ রফতানি শুল্ক কার্যকর হবে। চলবে ৩০ জুন পর্যন্ত। সেই হিসাবে রুশ সয়াবিন আমদানিতে আমদানিকারকদের পাঁচ মাস ধরে ৩০ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হবে। একই সঙ্গে রফতানিযোগ্য সয়াবিনের ন্যূনতম মূল্য টনপ্রতি ১৬৫ ইউরো বেঁধে দিয়েছে রাশিয়া সরকার।
একইভাবে স্ক্র্যাপ মেটালের ক্ষেত্রে ৫ শতাংশ হারে রফতানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে রুশ অর্থ মন্ত্রণালয়। ধাতব পণ্যটির ন্যূনতম মূল্য বেঁধে দেয়া হয়ছে টনপ্রতি ৪৫ ইউরো। সরবরাহ সংকটের কারণে অভ্যন্তরীণ বাজারে স্ক্র্যাপ মেটালের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে এ কৌশল অবলম্বন করেছে দেশটির সরকার।
এর আগে গম রফতানিতে লাগাম টানার কথা জানিয়েছে রাশিয়া সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে (সাড়ে চার মাসের জন্য) গম রফতানির পরিমাণ ১ কোটি ৭৫ লাখ টনের কোটার মধ্যে বেঁধে রাখা হবে। একই সঙ্গে কৃষিপণ্যটির রফতানি শুল্ক টনপ্রতি ৩০ ডলার ৪০ সেন্ট করা হবে।










