আন্তর্জাতিক বাজারে গতকাল ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। এ নিয়ে এক মাসে পাঁচবারের মতো সর্বোচ্চ দামের রেকর্ড গড়ল ধাতুটি। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ বছর তিন ধাপে সুদহার কমানোর ইঙ্গিত দেয়ার পর পরই স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে একদিনের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২০৯ ডলার ৬৫ সেন্টে। আগের দিন প্রতি আউন্সের মূল্য ছিল ২ হাজার ২২২ ডলার ৩৯ সেন্টে, যা এ-যাবৎকালের সর্বোচ্চ। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২১২ ডলার ৪০ সেন্টে।

বিশ্লেষকরা জানান, বুধবার থেকেই বাজারদরে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়। ওইদিন ফেডারেল রিজার্ভ তিন ধাপে সুদহার কমানোর ইঙ্গিত দেয়।

ফেড চেয়ার জেরোমি পাওয়েল বলেন, ‘‌মূল্যস্ফীতিতে ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলেও সুদহার কমানো হবে। তবে কী হারে কমানো হবে তা নির্ভর করছে অর্থনৈতিক বিভিন্ন তথ্য-উপাত্তের ওপর।’

সুদহার কমলে বন্ড, বিল ও নোটসহ বিভিন্ন সিকিউরিটিজের চাহিদা কমে যায়। বিপরীতে নন-ইল্ডিং অ্যাসেট (যেসব সম্পদ থেকে বিনিয়োগকারীরা সরাসরি মুনাফা পান না) হিসেবে বেড়ে যায় স্বর্ণের চাহিদা। ফলে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে দাম। যুক্তরাষ্ট্রে সুদহার কমার ইঙ্গিতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের কদর বেড়েছে।