দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। গতকাল তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিএসইসির বৈঠকে বিষয়টি উঠে আসে।
বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের মার্কেট সার্ভিল্যান্স ও ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএপিএলসির প্রেসিডেন্ট ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার সভাপতিত্বে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সভার বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ব্রিফ করেন। তিনি জানান, কমিশনের পক্ষ থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানানো হয়। দুইভাবে এটি করা সম্ভব। এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকরা স্টক এক্সচেঞ্জে ঘোষণা দিয়ে শেয়ার কিনতে পারেন। যদিও তালিকাভুক্ত কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে সংশ্লিষ্ট হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্ষদ সভায় গৃহীত হওয়ার আগ পর্যন্ত উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনাবেচায় বিধিনিষেধ রয়েছে। এক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের স্বার্থে এ বিধান পরিপালন থেকে অব্যাহতি নেয়ার প্রয়োজন হলে কেস টু কেস ভিত্তিতে আবেদন করা হলে কমিশন সেটি বিবেচনা করবে।
কমিশনের পক্ষ থেকে নিজ কোম্পানি ছাড়া অন্য কোম্পানির শেয়ারে নিজস্ব পোর্টফোলিও গঠন করে তালিকাভুক্ত কোম্পানির পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বিএপিএলসিকে অনুরোধ করা হয়। এক্ষেত্রে মৌলভিত্তির ভালো কোম্পানিতে বিনিয়োগ করা হলে পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়বে। বিদ্যমান কোম্পানি আইনে শেয়ার বাই ব্যাক করার সুযোগ নেই। এ কারণে বিএপিএলসির পক্ষ থেকে সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি গঠনের মাধ্যমে মার্কেট মেকারের লাইসেন্সের জন্য কমিশনের কাছে আবেদন করা হলে সেটি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়। কমিশন এটি বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে।
পুঁজিবাজারে যাতে ভালো কোম্পানিগুলো আসতে উদ্বুদ্ধ হয় এজন্য বিএপিএলসি ও বিএসইসির যৌথ উদ্যোগে ত্রৈমাসিক ভিত্তিতে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এর মাধ্যমে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বৃদ্ধির পাশাপাশি ভালো ব্যবসা করছে এমন কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধ করা হবে। বাজার মধ্যস্থতাকারীদের পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করার বিষয়ে বিএসইসির উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিএপিএলসির পক্ষ থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোকেও পুরস্কৃত করার দাবি জানানো হয়। এক্ষেত্রে কোম্পানিগুলোর সুশাসন, আইন পরিপালন, আর্থিক ও ব্যবসায়িক পারফরম্যান্স এবং লভ্যাংশ প্রদান নীতির ভিত্তিতে পুরস্কৃত করার সুপারিশ করেছে বিএপিএলসি। কমিশন বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। এছাড়া পুঁজিবাজারের উন্নয়নে বিএপিএলসির কোনো সুপারিশ থাকলে কমিশন সেটি বিবেচনা করবে বলে সভায় জানানো হয়।
পুঁজিবাজার পরিস্থিতি: ফ্লোর প্রাইস বা শেয়ারদরের সর্বনিম্ন সীমা বেঁধে দেয়ার দ্বিতীয় দিনেও উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারে সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ছিল ঊর্ধ্বমুখী। এরপর কিছুটা ছন্দপতন হলেও শেষ পর্যন্ত গতকাল দিনশেষে আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স।
এর আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ১৩৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ১৯৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৩৯ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন ও লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারের।
ডিএসইতে গতকাল ৯২১ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫৬৮ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত ছিল ৭৭টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৭ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশমিক ৪ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ৮ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনের ৭ দশমিক ২ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর চামড়া খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ১ শতাংশ। গতকাল পুঁজিবাজারে সবচেয়ে বেশি ৩ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাতে। অন্যদিকে ২ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল সাধারণ বীমা খাত।










