ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়ে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিদ্ধান্ত অনুসারে, ১৫ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। দুই স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএসইসি।

গতকাল ইস্যু হওয়া এ-সংক্রান্ত চিঠিতে বিএসইসি জানিয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টায়। বিরতিহীনভাবে যা চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। লেনদেন শুরুর আগে ৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে। আর পোস্ট ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিএমবিএ, ডিবিএ, এএএমসি ও সিএমএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে চিঠিতে।

বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়। এর সঙ্গে ৫ মিনিট প্রি-ওপেনিং সেশন ও ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে। মূলত বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনের সময় কমানো হয়েছিল।  কিন্তু গত বৃহস্পতিবার ব্যাংক লেনদেনের সময়ে পরিবর্তন এনে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন এনেছে বিএসইসি।