জাপানে চলতি বছরের সেপ্টেম্বরে প্রকৃত মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮ শতাংশে ঠেকেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব কমে আসায় গত এক বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে ধীরগতির বৃদ্ধি। তবে এখনো এ হার সরকারের লক্ষ্যমাত্রার ওপর রয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতিকে ২ শতাংশের মধ্যে রাখা। খবর জাপান টুডে।
দেশব্যাপী প্রকৃত মূল্যস্ফীতি টানা ১৮ মাস ব্যাংক অব জাপানের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এর মধ্যে গত আগস্টে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ।
ক্রমবর্ধমান মূল্য নীতিনির্ধারকদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃত মজুরিও ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। এ অবস্থায় দেশটির সরকার ‘মূল্যস্ফীতি ত্রাণ প্যাকেজ’ ঘোষণা করার পরিকল্পনা করছে। এছাড়া জীবনযাত্রার মান কমতে থাকায় আয়কর কমানোর চিন্তাও করছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার।
জাপানে জ্বালানির দাম ১১ দশমিক ৭ শতাংশ কমেছে, যা সাত বছরের মধ্যে সবচেয়ে বড় অবনমন। এছাড়া বিদ্যুতের দাম কমেছে ২৪ দশমিক ৬ শতাংশ এবং সিটি গ্যাসের দাম কমেছে ১৭ দশমিক ৫ শতাংশ। এগুলো কাছের অতীতের তুলনায় বড় ধরনের পতনকে চিহ্নিত করে। যদিও খাদ্যের দাম বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি খরচ কমাতে সরকারের দেয়া ভর্তুকি মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে সাহায্য করেছে। তা না হলে সেপ্টেম্বরে প্রকৃত সিপিআই ৩ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়ে যেত।










