ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. ফয়েজ আলম। সম্প্রতি আইআইডিএফসির প্রধান কার্যালয়ে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালনা পর্ষদ তাকে এ পদের জন্য নির্বাচিত করে। আইআইডিএফসি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ফয়েজ আলম দুই যুগেরও বেশি সময় ধরে ব্যাংক খাতের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের এপ্রিলে জনতা ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে যোগ দেন।

ফয়েজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন।