বিশ্বখ্যাত ডাচ বিয়ার প্রস্তুতকারী
প্রতিষ্ঠান হেনিকেন হোল্ডিং এনভিতে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছেন মার্কিন ধনকুবের বিল
গেটস। প্রতিষ্ঠানটির ৩.৭৬ শতাংশ শেয়ার কিনেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, যার বাজারমূল্য
প্রায় ৮৮ কোটি ইউরো। নেদারল্যান্ডসের ফাইন্যান্সিয়াল মার্কেটস অথরিটি (এএফএম) জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি শেয়ারগুলো কিনেছেন বিল গেটস। খবর রয়টার্স।
মেক্সিকোর পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফইএমএসএ’র কাছ থেকে এই শেয়ারগুলো কিনেছেন বিল গেটস। ১৭ ফেব্রুয়ারি নিজেদের হাতে থাকা হেনিকেনের ১৮ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছে এফইএমএসএ। যেখান থেকে ১০ দশমিক ৮ মিলিয়ন শেয়ার ৮৮৩ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছেন বিল গেটস।
তবে এ বিষয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এই বিলিয়নিয়ার আগে বলেছিলেন যে, তিনি বড় মাপের বিয়ার পানকারী নন। ২০১৮ সালে মার্কিন সংবাদ ওয়েবসাইট রেড্ডিটের ‘আস্ক মি এনিথিং’ চ্যাট সেশনে বিল গেটস বলেন, ‘যখন আমি বেসবল খেলার মতো কোনো কাজ শেষ করি, তখন অন্যান্য বিয়ার পানকারীদের মতো অনুভূতি নেওয়ার জন্য হালকা বিয়ার পান করি। তবে প্রকৃত বিয়ার পানকারীদের হতাশ করার জন্য আমি দুঃখিত।’










