ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির তিন সন্তানকে প্রতিষ্ঠানটির বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল পরিচালক হিসেবে নিয়োগ পান তারা। এর মধ্য দিয়ে নিজ বাণিজ্যিক সাম্রাজ্য যে ধীরে ধীরে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাইছেন মুকেশ আম্বানি সেটিই আরো স্পষ্ট হলো।
মুকেশ আম্বানিকে বলা হয় এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। এর আগে তিনি বলেছিলেন, তার ব্যবসায় সন্তান ইশা, আকাশ ও অনন্তের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। রিলায়েন্সও নেতৃত্বের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। গত জুলাইয়ে আরো পাঁচ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি।
৬৬ বছরের এ ব্যবসায়ী বলছেন, তার তিন সন্তান একটি টিম হিসেবে কাজ করবে। তার ভাষায়, ‘সামগ্রিকভাবে রিলায়েন্স গ্রুপকে নেতৃত্ব দিতে তারা অন্যান্য পরিচালকদের সঙ্গে সহযোগিতা করবে এবং আমাদের সব বৈচিত্র্যময় ব্যবসায়ে প্রবৃদ্ধি অর্জনের পথ দেখাবে।’
আম্বানির ব্যবসায়িক সাম্রাজ্য টেলিকম, তেল, গ্যাসসহ নানা সেক্টরে বিস্তৃত। আর বিশাল এ সাম্রাজ্যের বাজারমূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি।
এক্সিকিউটিভ সার্চ ফার্ম হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসের একজন অংশীদার অরুণ দাশ মহাপাত্র। মুম্বাইয়ের অফিসে বসে ষাটোর্ধ্ব মুকেশ আম্বানির এ পদক্ষেপ নিয়ে তিনি বলছিলেন, ‘এটিই হয়তো ঠিক সময়। এখন না হলে আর কখন?’
অরুণ দাশ মহাপাত্রের মতে, মুকেশ আম্বানি চাইছেন, আম্বানি পরিবারের পরবর্তী প্রজন্ম একে অন্যের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে কোনো বিবাদ না থাকে।”
মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি একজন সুপরিচিত শিল্পপতি ছিলেন। তার মৃত্যুর পর মুকেশ ও তার ছোট ভাই অনিলের মধ্যে বাবার সম্পদ নিয়ে দীর্ঘ বিরোধ তৈরি হয়। এখন মুকেশ চাইছেন তার সন্তানদের ক্ষেত্রেও যেন সেটি না হয়। আর সন্তানরা যেন ভালোভাবে বাবার বাণিজ্যিক সাম্রাজ্যের হাল ধরতে পারে সেভাবেই সবকিছু সাজিয়েছেন তিনি। নিজ প্রতিষ্ঠানে তিনি অভিজ্ঞ নির্বাহীদের নিয়োগ দিয়েছেন। দীর্ঘদিনের বন্ধুদের সামনে নিয়ে এসেছেন। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তাদের বড় ভূমিকা ছিল।
এরই মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। মূলত রিলায়েন্সের দাতব্য সংস্থাকে আরো শক্তিশালী করার জন্য বোর্ড থেকে পদত্যাগ করেছেন তিনি।
ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা আকাশ আম্বানি এরই মধ্যে রিলায়েন্সের টেলিকম শাখা রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান।
আকাশের জমজ বোন ইশা রিলায়েন্স রিটেলের সম্প্রসারণকে নতুন রূপ দিয়েছেন। এরই মধ্যে তিনি রিলায়েন্স রিটেইল ভেঞ্চারসের রিটেইল ইউনিট বোর্ডের একজন পরিচালক।
মুকেশ আম্বানির সন্তানদের মধ্যে সবার ছোট অনন্ত। তিনি রিলায়েন্সের নিউ এনার্জি বিজনেসের রিটেইল ইউনিটের একজন পরিচালক।
কোম্পানির শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় দেয়া বক্তব্যে মুকেশ আম্বানি জানান, ১ শতাংশ শেয়ারের বিনিময়ে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির কাছ থেকে সম্প্রতি ১ বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে তার রিটেইল ইউনিট। এতে প্রতিষ্ঠানটির মূল্য দ্বিগুণ বেড়ে ১০০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।










