তিমুর-লেস্তের স্বাধীনতা ঘোষণার ৫০ বছর উদযাপন হয়েছে বাংলাদেশে। এর অংশ হিসেবে শুক্রবার ঢাকার একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিমুর-লেস্তে সরকারের পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের মহাপরিচালক অ্যাম্বাসেডর জর্জে কেমোয়েনস এবং পরিচালক ইমানুয়েল টিলম্যান। তারা বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি, সুশাসন ও কূটনৈতিক সহযোগিতায় দীর্ঘদিনের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল এবং এনভয় লিগ্যাসি ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ ও তিমুর-লেস্তে সম্পর্ক আরো গভীর করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘তিমুর-লেস্তের স্বাধীনতার ঘোষণার ৫০ বছর পূর্তি শুধু উৎসব নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো শক্তিশালী ও বিস্তৃত করার একটি মাধ্যম। পাশাপাশি সম্প্রতি আসিয়ানের ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক যোগদান দুই দেশের জন্য নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে।’ —বিজ্ঞপ্তি