চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের কাছ থেকে বিপুল পরিমাণ গম ক্রয় করেছে চীন। দেশটি শস্যটির ব্যাপক চাহিদা পূরণে দাম কমার সুযোগকে কাজে লাগাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রফতানিসংক্রান্ত চুক্তির পর বিশ্ববাজারে গমের দাম কমেছে। তার ওপর অস্ট্রেলিয়া ও ফ্রান্সে উৎপাদন পরিস্থিতির উন্নতি হয়েছে। এ কারণে দেশ দুটি থেকে বাড়ানো হয়েছে আমদানি।

ব্যবসায়ীরা জানান, চলতি সপ্তাহে প্রায় ১০ লাখ টন অস্ট্রেলিয়ান গম কিনেছে চীন। পশুখাদ্য ও ময়দা উৎপাদনে এসব গম ব্যবহার করা হবে। আগামী সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে এসব গম সরবরাহ করা হবে।

অন্যদিকে এ সপ্তাহে ফ্রান্সের কাছ থেকে দুই কার্গো গম কিনেছে চীন। এসব গম সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। দেশটি থেকে মোট সাত কার্গো গম কেনার সম্ভাবনা রয়েছে বলে জানান চীনের ব্যবসায়ীরা। ফ্রান্সের কাছ থেকে যেসব গম কেনা হয়েছে, সেগুলো নিম্নমানের এবং ১০ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ।