ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। তবে এ সময় বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরসহ এ অঞ্চলে আজ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। নির্বাচন শেষে আগামীকাল সকালে  বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য যথারীতি শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভারতের নির্বাচন উপলক্ষে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। বিশেষ করে পূর্বের আমদানীকৃত পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেয়াসহ সব কার্যক্রম চালু থাকবে।