কঙ্গো থেকে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় গত সপ্তাহে সাড়ে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে টিনের দাম। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গত শুক্রবার পণ্যটি বেচাকেনা হয়েছে ৩৮ হাজার ৯৯০ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। এদিন লেনদেনের এক পর্যায়ে টিনের দাম টনপ্রতি ৩৯ হাজার ২২৯ ডলারে পৌঁছে, যা ২০২২ সালের মে মাসের পর সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার।

একটি আন্তর্জাতিক ব্রোকার ফার্ম মারেক্স ব্রোকারের তথ্যানুযায়ী, কঙ্গোর দুই প্রদেশে ম্যানুয়াল খনির (মানবশ্রম ব্যবহার করে উত্তোলন করা হয় এমন খনি) ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলে সংঘাত বাড়ায় বিসি খনি থেকে সরবরাহ ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, বিসি খনি কঙ্গোর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রধান টিন খনি। বিশ্বব্যাপী মোট টিন উত্তোলনের প্রায় ৮ শতাংশের হিস্যা রয়েছে খনিটির। তবে ব্যবসায়ীরা বলছেন, এ খনিতে কোনো ফোর্স মেজর (অনিবার্য কারণবশত কার্যক্রম স্থগিত) ঘোষণা হয়নি।