দেশের পুঁজিবাজারে দরপতন থামাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেও সুফল না পাওয়ায় শেয়ারদর কমার নিম্নসীমা আবারো ২ শতাংশ নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সিদ্ধান্ত গ্রহণের একদিন পরই গতকাল পুঁজিবাজারে উত্থান দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স এদিন ৫০ পয়েন্ট বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ সিকিউরিটিজের দর বেড়েছে। অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন সূচক ও বেশির ভাগ কোম্পানির দর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দুই মিনিট নিম্নমুখী ছিল ডিএসইএক্স সূচক। এর পর কিছুটা পয়েন্ট যোগ হলেও ১৪ মিনিট পর আবার কমতে থাকে সূচক। বেলা ১১টায় সূচক আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরে। শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ১৮৮ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ, বিএসসি, লংকাবাংলা ফাইন্যান্স ও রেনাটার শেয়ারে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিনশেষে যা ছিল ২ হাজার ২৮৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনশেষে যা ছিল ১ হাজার ৩৬৩ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৫৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫১৩ কোটি টাকা। এ দিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ৪০টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৪ শতাংশ দখলে নিয়েছে আর্থিক খাত। ৯ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। চতুর্থ অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৪ শতাংশ। এছাড়া চামড়া খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৪ শতাংশ। গতকাল সব খাতেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে ২ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল চামড়া খাত।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৭০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ৮৯৬ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১১৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ১৬২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর। গতকাল সিএসইতে ১৩ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।










