পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৯০ কোটি টাকার বেশি মূল্যমানের শেয়ার লেনদেন হয়েছে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এর ভিত্তিতে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেন তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। পাশাপাশি সপ্তাহজুড়ে শেয়ারদর প্রায় ২৪ শতাংশ কমে এক্সচেঞ্জটির দর হারানোর তালিকায়ও শীর্ষে অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মোট ১ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৯০ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ১৩০ টাকা ৯০ থেকে কমে ৯৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ আলোচ্য সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৯৯ শতাংশ। 

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এ সময়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) গণনা না করায় তা প্রকাশ করা হয়নি। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩০ টাকা ২৩ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।