উত্পাদন খরচ কমাতে নতুন সিস্টেম প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এরই মধ্যে কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, কুইন সাউথ টেক্সটাইল
মিলসের পর্ষদ কোম্পানিটির উত্পাদন খরচ কমাতে অটো ডিসপেনসিং অ্যান্ড মডার্নাইজড
সল্ট রিকভারি সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিস্টেম প্রতিস্থাপনের পর
কোম্পানিটির প্রতি মাসে রঙ,
রাসায়নিক ও
পানির খরচ বাবদ ১ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হবে, যা কোম্পানির গ্রস মুনাফা বাড়াতে সহায়তা করবে। আনুষঙ্গিক খরচসহ এ সিস্টেম
প্রতিস্থাপনে কোম্পানিটির ব্যয় হবে ১৬ কোটি টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কুইন সাউথ টেক্সটাইল মিলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস)
হয়েছে ৩৩ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। এ
বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস)
দাঁড়িয়েছে ১৬
টাকা ৩৭ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১২ শতাংশ
লভ্যাংশের সুপারিশ করেছে কুইন সাউথ টেক্সটাইল মিলসের পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ নগদ
ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪
পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল
১ টাকা ২৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৪
পয়সায়, আগের হিসাব বছর শেষে যা
ছিল ১৬ টাকা ৩১ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ
দেয় কোম্পানিটি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ
বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও সব শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক
লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা
২৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৮৯
পয়সা।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৬ শতাংশ লভ্যাংশ
দিয়েছিল। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত অন্য
শেয়ারহোল্ডারদের জন্য এবং বাকি ৮ শতাংশ স্টক লভ্যাংশ সব শেয়ারহোল্ডারের জন্য।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কুইন সাউথ টেক্সটাইল। কোম্পানিটির
অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা।










