কাঁচামাল ও উৎপাদন সংশ্লিষ্ট খরচ বেড়ে যাওয়ায় জাপানে ১০ হাজারের বেশি খাদ্যপণ্যের দাম বাড়তে যাচ্ছে । চলতি বছরের প্রথম চার মাস ধরে এ মূল্যস্ফীতি চলবে। সম্প্রতি এ তথ্য উঠে এসেছে দেশটির অন্যতম ক্রেডিট রিসার্চ কোম্পানি তেইককু ডাটাব্যাংকের গবেষণায়। খবর জাপান টাইমস।
কিছু পণ্যের দাম এর মধ্যে বেড়েছে ও কিছু বাড়ার কথা। তালিকায় রয়েছে মোট ১২ হাজার ৫৪টি পণ্য। গড়ে এসব পণ্যের দাম বর্তমানের চেয়ে ১৬ শতাংশ বাড়তে পারে। গত বছরের তুলনায় যা বাড়ছে ৩ শতাংশীয় পয়েন্ট। গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে মূল্যবৃদ্ধির পরিমাণ দ্বিগুণ। ২০২২ সালের প্রথম চার মাসে ৫ হাজার ৫৭৩ পণ্যের দাম বেড়েছিল। বিপরীতে শুধু এ মাসেই হিমায়িত খাদ্য ও সামুদ্রিক খাদ্যের মোট ৫ হাজার ৪৬৩ পণ্যের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। গত অক্টোবরে ৭ হাজার ৮০০টি পণ্যের দাম বাড়ানো হয়েছিল।
মার্চে ২ হাজার ৭১৬টি খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কথা রয়েছে। এপ্রিলের দিকে বাড়বে ৩ হাজার ১৯২টি পণ্যের।
জরিপটিতে ১০৫টি নিবন্ধিত ও ৯০টি অবন্ধিত খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে আভাস দেয়া হয়েছে, গ্রীষ্মের আগ পর্যন্ত প্রতি মাসেই দুই-তিন হাজার পণ্যের দাম বাড়তে থাকবে। স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতির দৌরাত্ম্যে বেড়ে যাবে বিদ্যুৎ ও অন্যান্য খরচও। ব্যাপক সংখ্যক পণ্য এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতিতে। তেলের দাম বৃদ্ধির জন্য বেড়েছে আনুষঙ্গিক খরচ। গ্যাস ও বিদ্যুতের দামের বৃদ্ধির কারণে আগামী দিনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ।










