টেকসই উন্নয়ন ও জলবায়ু কার্যক্রম নিয়ে প্রস্তুত করা রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুটি রিপোর্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটি দায়িত্বশীল ও জলবায়ু সচেতন ব্যাংকিং কার্যক্রমের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। তিনি বলেন, প্রাইম ব্যাংকের টেকসই যাত্রা অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক। একই সঙ্গে তিনি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, ডিএমডি ও সিআরও জিয়াউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান ও সিএসআর অংশীদাররা।

প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী হাসান ও রশীদ বলেন, ব্যাংকের দীর্ঘমেয়াদী টেকসই লক্ষ্য এবং বৈশ্বিক জলবায়ু অগ্রাধিকারের সঙ্গে প্রাইম ব্যাংকের কার্যক্রম মিল রেখে এগোচ্ছে। তিনি জানান, ব্যাংকের মূল ব্যবসায়িক ধারণায় টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এবং সবুজ ভবিষ্যৎ তৈরিতে তা ব্যাংকের দায়িত্ববোধকে স্পষ্ট করে।

ব্যাংকের সিএসআর কার্যক্রমে জলবায়ু সহনশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সমাজে টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রাইম ব্যাংক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নেতৃত্ব দেয়ার কথাও ব্যাংকটি পুনর্ব্যক্ত করেছে। এসব উদ্যোগ জাতীয় ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানায় ব্যাংকটি।

—বিজ্ঞপ্তি