নিজ দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় ভ্রমণের অনুমতি দিয়েছে চীন সরকার। সিদ্ধান্তটির কারণে দক্ষিণ কোরিয়ায় চিকিৎসা ভ্রমণে প্রসার ঘটবে বলে আশা করছে দেশটির ফার্মাসিউটিক্যাল সংস্থা ও ফ্যাশন ব্র্যান্ডগুলো। এছাড়া কে-পপ অনুপ্রাণিত ফ্যাশনেও অগ্রগতি হবে বলে ধারণা করছেন তারা। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, কোরিয়ায় দলবদ্ধভাবে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ২০১৬ সালের পর প্রথমবারের মতো প্রত্যাহার করা হয়েছে। এর আগে চীন চলতি বছরের জানুয়ারিতে তাদের শূন্য কভিড নীতি থেকে সরে আসে। কভিড মহামারীর শুরু থেকে তিন বছর পর শূন্য কভিড নীতির সর্বশেষ বিধি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম তুলে দিয়ে সীমান্ত খুলে দেয় চীন।
কোরিয়া ট্যুরিজম অর্গানাইজেশনের ২০১৬-এর তথ্য অনুসারে, চীনা চিকিৎসা পর্যটক বা চীনা পর্যটক যারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে কোরিয়া সফর করেছেন এদের সংখ্যা প্রায় এক লাখ যা অন্যান্য দেশের তুলনায় প্রথম স্থানে রয়েছে। তথ্য অনুযায়ী, কোরিয়া মোট মেডিকেল পর্যটকদের মধ্যে ৩০ শতাংশ চীনা পর্যটক। স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একজন কর্মকর্তার মতে, গ্রুপ ট্রাভেলিংয়ের অনুমতিসংক্রান্ত চীনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর নন-সার্জিক্যাল পদ্ধতির চাহিদা, বিশেষ করে ইনজেকশনযোগ্য হায়ালুরোনিক অ্যাসিড বা এক ধরনের ডার্মাল ফিলারের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘চীনে ডার্মাল ফিলারের লাইসেন্সিং প্রক্রিয়া কঠিন এবং বর্তমানে খুব কম বিদেশী কোম্পানি আছে যারা চীনে ডার্মাল ফিলার বিক্রির জন্য চাইনিজ মেডিকেল রেগুলেটর থেকে অনুমোদন পেয়েছে। অতএব, চীনে অবৈধ ফিলার পদ্ধতি প্রচলিত আছে এবং সেখানে অনেক অবৈধভাবে ক্রয় করা ফিলার পণ্য রয়েছে যা অনিরাপদ।’"
চীনা গ্রাহকরা দীর্ঘদিন ধরে কোরিয়ান ফিলার পছন্দ করছে। কারণ কোরিয়ান ডার্মাল ফিলারগুলো হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করে যা খাদ্য ও ওষুধ সুরক্ষা মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত এবং সেগুলো অন্যান্য উন্নত বাজারের ফিলারগুলোর তুলনায় সস্তা। তিনি আরো বলেন, ‘বোটুলিনাম টক্সিন চিকিৎসার চাহিদাও বাড়বে বলে আশা করা হচ্ছে। কোরিয়ান বোটক্স হলো আরেকটি জনপ্রিয় নন-সার্জিক্যাল পদ্ধতি যা চাইনিজ ভ্রমণকারীরা খুঁজে থাকে। এগুলো পরিচালনা করা সহজ, অল্প সময়ের মধ্যে আরোগ্য লাভ করা যায়। এছাড়া এটি তুলনামূলক সস্তা ও উচ্চ মানের। সম্ভবত সাম্প্রতিক ঘোষণার সঙ্গে তাদের এ চাহিদা বৃদ্ধি পাবে।’
কোরিয়ান ফ্যাশন সংস্থাগুলো বলেছে, এ সংবাদের পর তাদের বিক্রয় বৃদ্ধি পাবে বলে আশা করছে তারা। যেহেতু সেপ্টেম্বরের শেষের দিকে ও অক্টোবরের শুরুতে চীনের মিড-অটাম ফেস্টিভ্যালের সময় চীনা জনগণ বৃহৎ পরিসরে ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে, সেই সময়কালে শুল্কমুক্ত চ্যানেলে ফ্যাশন কোম্পানিগুলোর বিক্রয় বাড়বে বলে আশা করা হচ্ছে। ফিলা হোল্ডিংস কর্মকর্তা বলেছেন, ‘খুচরা শিল্প ছুটির (চীনের) মৌসুমে চীনা পর্যটকদের স্বাগত জানাতে সর্বাত্মক প্রচেষ্টা করছে বলে মনে হচ্ছে।’










