চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথগতি দেখা দিয়েছে। ভোক্তা চাহিদা হ্রাসে দেশটির রফতানি কমায় সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তে ভিয়েতনাম জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩২ শতাংশ। ২০২২ সালের একই প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যেখানে ৫ দশমিক শূন্য ৫ শতাংশ।
বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক, ফুটওয়ার ও আসবাব রফতানিকারক দেশ ভিয়েতনাম। বিশ্ব অর্থনীতিতে চলমান জটিলতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রথম প্রান্তিকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রফতানি। এতে ভিয়েতনামের প্রবৃদ্ধিতে শ্লথগতি দেখা দিয়েছে।
ভিয়েতনামের পরিসংখ্যান দপ্তর জিএসও এক বিবৃতিতে জানায়, বিশ্বের বিভিন্ন দেশের কঠোর মুদ্রানীতি এবং ধীরগতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোয় ভোক্তা চাহিদা কমেছে। এতে ভিয়েতনামের আমদানি ও রফতানিতে প্রভাব পড়েছে।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভিয়েতনামের রফতানি হয়েছে ৭ হাজার ৯০০ কোটি ডলার, যা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ১১ দশমিক ৯ শতাংশ কম।
সরকারি বিবৃতিতে আরো জানা যায়, গত প্রান্তিকে স্মার্টফোনের চালান ১৫ শতাংশ কমেছে। এছাড়া ইলেকট্রনিকস পণ্যের চালান কমেছে ১০ দশমিক ৯ শতাংশ।
ভিয়েতনামের শ্রম মন্ত্রণালয় বলছে, ২০২২ সালে ভিয়েতনামে ৬ লাখ ৩০ হাজারেও বেশি কারখানা শ্রমিক চাকরি হারিয়েছেন।
দেশটির কেন্ত্রীয় ব্যাংকের পূর্বাভাস, ২০২৩ সালে ভিয়েতনামের প্রবৃদ্ধি সম্ভাবনা ৬ দশমিক ৩ শতাংশ। ২০২২ সালে যেখানে প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশ।










