অনেকদিন ধরেই স্পিরিট এয়ারলাইনস কিনতে চাইছে জেটব্লু। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হচ্ছিল না। এবার স্পিরিট কিনতে অর্থের পরিমাণ আরো বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

নিউইয়র্কভিত্তিক জেটব্লু জানিয়েছে, স্পিরিট এয়ারলাইনস কিনতে প্রস্তাবে শেয়ারপ্রতি দর বাড়িয়ে সাড়ে ৩৩ ডলার করা হয়েছে। সব মিলিয়ে যা ৩৬০ কোটি ডলারে দাঁড়াবে। এর আগে সবশেষ ৬ জুন যে প্রস্তাব দেয়া হয়েছিল তার চেয়ে এবার শেয়ারপ্রতি আড়াই ডলার করে বাড়ানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ফ্রন্টিয়ার এয়ারলাইনস ও স্পিরিট এয়ারলাইনসের পরিচালনা পর্যদ সম্মত হয় যে এ দুটির মধ্যে একীভূতকরণ হবে। সেক্ষেত্রে স্পিরিটের শেয়ারহোল্ডাররা যৌথ কোম্পানির ৪৮ দশমিক ৫ শতাংশ নগদ অর্থ পাবেন। এ চুক্তির মোট মূল্য ছিল ২৯০ কোটি ডলার। কিন্তু ফ্রন্টিয়ারের শেয়ারদর পড়ে গেলে চুক্তিটিও মূল্য হারায়।

স্পিরিট জানিয়েছে, জেটব্লুর সবশেষ প্রস্তাবটি তারা পর্যালোচনা করে দেখবে। ৩০ জুন ভোটের আগেই এ বিষয়ে শেয়ারহোল্ডারদের বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।