ইউরোপে নতুন তিনটি স্বচালিত গাড়ির কারখানা চালু করছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক গবেষণা সংস্থা এনভিডিয়ার সঙ্গে এ বিষয়ে অংশীদারত্বের চুক্তি হয়েছে জেএলআরের। এ পরিপ্রেক্ষিতে স্বচালিত যানবাহন প্রযুক্তি বিকাশের জন্য ইউরোপে তিনটি নতুন ইঞ্জিনিয়ারিং কেন্দ্র চালু করবে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

জেএলআর কর্তৃপক্ষের তথ্যমতে, মিউনিখ, বোলোনিয়া ও মাদ্রিদে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের বিলাসবহুল স্বচালিত গাড়ি নির্মাণ কেন্দ্র তৈরি হবে। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপে এরই মধ্যে প্রতিষ্ঠানটির ছয়টি বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র রয়েছে।

ভারতের টাটা মোটরের একটি ইউনিট জেএলআর। প্রতিষ্ঠানটি ডিজিটাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের স্থানীয় প্রাপ্যতার কারণে বেছে নিয়েছে ইউরোপের এ অঞ্চলগুলো। ভবিষ্যতের স্বয়ংচালিত গাড়ির জন্য ড্রাইভার সহায়তা পদ্ধতি এবং এআই উন্নয়নের ওপর মনোযোগ দিয়েছে। এ কেন্দ্রগুলোয় শতাধিক ইঞ্জিনিয়ারিং পদের কর্মসংস্থান তৈরি হবে।

জেএলআর ও এনভিডিয়া গত বছর একটি মাল্টিলেয়ার চুক্তির ঘোষণা দিয়েছিল। এ চুক্তির অধীনে যৌথভাবে জাগুয়ারের গাড়ির জন্য কম্পিউটার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র বিকাশের কাজ চলবে। ২০২৫ কিংবা এর কাছাকাছি সময়ের মধ্যে সেটি বাজারে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

এনভিডিয়ার সঙ্গে জেএলআরের অংশীদারত্বের চুক্তি প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে জোরালো সমর্থন দিচ্ছে, যা জাগুয়ারকে ডিজিটাল প্রযুক্তির প্রতিযোগিতায় টেসলা ও অন্যান্য বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিযোগীদের সঙ্গে টেক্কা দিতে দারুণভাবে সহায়তা করবে।