২০২৩ সালে ভারতের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১ শতাংশ থাকার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর আগে এপ্রিলে ঘোষিত পূর্বাভাসের চেয়ে প্রবৃদ্ধি দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। ইতিবাচক পরিবর্তনটি ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের অভ্যন্তরীণ বিনিয়োগ ও শক্তিশালী প্রবৃদ্ধি দ্বারা সৃষ্ট গতিকে প্রতিফলিত করে। আইএমএফের সর্বশেষ আপডেটে বৈশ্বিক প্রবৃদ্ধি ২০২২ সালে পূর্বাভাস ৩ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২০২৩-২০২৪ সালে ৩ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২৩ সালের পূর্বাভাসে সামান্য উন্নতি হওয়া সত্ত্বেও বৈশ্বিক প্রবৃদ্ধির আউটলুক আগের মানগুলোর তুলনায় দুর্বল। খবর দ্য হিন্দু।
মূল্যস্ফীতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের নীতির সুদহার বৃদ্ধির কারণে অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে চলেছে। বৈশ্বিক হেডলাইন মূল্যস্ফীতি ২০২২ সালে ৮ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬ দশমিক ৮ শতাংশ এবং ২০২৪ সালে আরো কমে ৫ দশমিক ২ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। প্রকৃত মূল্যস্ফীতি আরো ধীরে ধীরে কমবে বলে পূর্বাভাস করা হচ্ছে। ২০২৪ সালের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাসগুলো ঊর্ধ্বমুখী সংশোধিত হয়েছে।
যদিও সাম্প্রতিক পদক্ষেপগুলো আর্থিক খাতের অস্থিরতার কিছুটা ঝুঁকি কমিয়েছে। তবে আইএমএফ সতর্ক করেছে বৈশ্বিক প্রবৃদ্ধিতে ঝুঁকি এখনো দূর হয়ে যায়নি। উচ্চ মূল্যস্ফীতি ও সম্ভাব্য প্রতিবন্ধকতা আরো প্রতিকূলতার সূত্রপাত ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি কঠোর করার সঙ্গে বাজারগুলো সামঞ্জস্য করতে গিয়ে আর্থিক খাতের অস্থিরতা পুনরায় শুরু হতে পারে।










